বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ভুল করেছি মাফ করে দাও: পাটওয়ারী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ

জাতীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে অতীতের রাজনৈতিক ভুলের জন্য জবাবদিহি করতে হবে এবং জুলাই গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে, ‘বাবা ভুল করেছি, মাফ করে দাও; আমি গণরায় বাস্তবায়ন করবো।’ সংলাপের নামে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন। সঞ্চালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিন। প্রধান বক্তা ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত আট মাসে রাজপথে যারা অত্যাচার, হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছে। অর্থ লেনদেনের মাধ্যমে থানায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে দলটি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস কোনো রাজনৈতিক সংলাপের কারণে মুছে যেতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাকে জীবন দিতে হয়েছিল।
পাটওয়ারী আরও বলেন, ‘আপনার বাপ যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া ইতিহাসের দায়িত্ব।’
তিনি বলেন, তারেক রহমান যদি মনে করেন আলোচনার সুযোগ নিয়ে গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচার এড়িয়ে যাবেন, তাহলে তা হবে আকাশ-কুসুম কল্পনা। তরুণরা এখনো রাজপথে আছেন। প্রয়োজনে তারা মসনদের দোরগোড়ায় গিয়ে হলেও গণরায় বাস্তবায়ন করিয়ে ছাড়বেন।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। দাবিগুলো হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, জুলাই বিপ্লবের গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংলাপের নামে দাবি বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা যাবে না। জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্যের আলোচনা অর্থবহ হবে না।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভারতীয় পণ্য বর্জন করতে হবে।

সমাবেশ শেষে নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি কোতোয়ালী ও লালদীঘি এলাকা প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন