কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
রিট আবেদনকারীরা হলেন- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহনকারী জুলাই যোদ্ধা ও হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন।
জনস্বার্থে এবং সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে তারা এই রিট দায়ের করেছেন। রিটে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ