গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটের অসংখ্য গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার গ্রাহকরা। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টের মধ্যে বেশিরভাগ গ্রাহক পুরুষ। এদিকে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার হাজারো মানুষ।
বুধবার (২৫) নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে জেলায় বসবাসকারী পুরুষদের নামে নিবন্ধিত অসংখ্য গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেসব অ্যাকাউন্ট বন্ধ রয়েছে।
বন্ধ হয়ে যাওয়া বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কে জানতে বিকাশের হেল্পলাইনে যোগাযোগ করা হলে বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে ‘MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’ এ বিষয়ে আরও জানতে চাইলে বিকাশ থেকে জানানো হয়, ‘অধিকতর তদন্তের স্বার্থে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে জেলা শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদ ও রকেটের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।
গোপালগঞ্জ শহরের নিচু পাড়া এলাকার ইয়াহিয়া খান বলেন, আমি বিদ্যুৎ বিল সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে থাকি। আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিল দিতে পারিনি। আজ বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে গিয়েছিলাম, সময় শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিল দিতে পারি নাই। এতে করে আমার আরও তিন দিন অপেক্ষা করতে হবে।
জেলা শহরের নতুন বাজার এলাকার আকরাম মিয়া বলেন, আমার বিকাশ অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ছিল, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। টাকা তুলতে না পেরে দৈনন্দিন কেনাকাটা করতে পারছি না। এতে করে আমি চরম ভোগান্তিতে পড়েছি।
এ বিষয়ে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নির্ধারিত রুটের চলাচলও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৯:১৬ অপরাহ্ণ