টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহি একটি বাস থামিয়ে পরিবহণের এক কর্মীকে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় স্বশস্ত্র সন্ত্রাসীরা বাস থামিয়ে এই কর্মীকে অপহরণ করে পশ্চিমের পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

অপহৃত সালমান খান (২৭), একই ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তিনি সেন্টমার্টিন পরিবহনে টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করেন।

হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান,টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেয়া সেন্টমার্টিন পরিবহণের একটি বাস যোগে সালমান হ্নীলায় আসছিল। আলীখালি রাস্তার মাথা থেকে বাসটি থামিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে পাহাড়ে নিয়ে যায়। পরে পিতাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। বিযয়টি নিয়ে পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি ফোন নম্বরে কল করা হলে ফোন ধরেন খাইরুল নামের পুলিশের এক সদস্য। তিনি বলেন, ‘স্যার অসুস্থ, অপহরণের বিষয়টি এখনও অবহিত নন।’

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সূত্র: বাংলা ট্রিবিউন

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন