কক্সবাজার সৈকতের বালুকণায় শেষ নিঃশ্বাস নিলেন নোয়াখালীর শাহিন

নিজস্ব প্রতিবেদক ::
প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ । ২:৪৪ অপরাহ্ণ

স্বপ্ন ছিল কক্সবাজারের নীল সাগর আর সোনালি বালির সাথে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর। বন্ধু-স্বজনদের সাথে সমুদ্রের ঢেউয়ের খেলে বেড়িয়েছিলেন নোয়াখালীর যুবক মোঃ শাহিন। কে জানত, এই আনন্দভ্রমণই হয়ে উঠবে তাঁর জীবনের শেষ সফর!

আজ রবিবার (২০ জুলাই) সকালে কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসল শেষে হোটেলে পায়ে হেঁটে ফেরার পথে হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাহিন। পথচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহিনের বাড়ি নোয়াখালী জেলায়। তাঁর পিতার নাম মমতাজ। এই দুঃসংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, শাহিন ৩০-৪০ জনের একটি পর্যটক দলের সাথে গত ১৮ জুলাই কক্সবাজারে আসেন। তাঁরা শহরের সিলিকন বে রিসোর্টে অবস্থান করছিলেন। আজ (২০ জুলাই) ছিল তাদের ফিরে যাওয়ার কথা। কিন্তু সেই ফিরতি যাত্রা আর হলো না শাহিনের। তাঁকে ফিরতে হলো সাদা কাফনের কাপড়ে মোড়ানো নিথর দেহ হয়ে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন