সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাকিব কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। গত বুধবার (২৩ জুলাই) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাকিবের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ এখনো সৌদি আরবেই রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।
নিহতের পিতা-মাতা ও স্বজনরা সাকিবের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সাকিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।

পেকুয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ১০:৪৯ পূর্বাহ্ণ