গাইবান্ধার সাঘাটায় থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে থানার পেছনের হাইস্কুলের পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থানায় এসআইএর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেয়ার পর নিখোঁজ ছিলেন ওই যুবক।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি টিমসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ ওই যুবকের সন্ধানে কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শুরু করার ৪০ মিনিটের মাথায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আমরা যুবককে স্বাভাবিক অবস্থায় পেয়েছি। বিস্তারিত পুলিশ বলতে পারবে। যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। সুত্র: চ্যানেল২৪

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ৩:০২ অপরাহ্ণ