গোপন সফরে কক্সবাজারে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই তারা কক্সবাজারে পৌঁছানোর পর শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আলোচনা—তারা কি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন?
এনসিপির চার নেতা—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী—মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে পৌঁছান। তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের একাধিক ফ্লাইট এজেন্সির কর্মচারী।
পরে জানা যায়, তারা ইনানী এলাকার পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)-এ অবস্থান করছেন। হোটেলের এক কর্মকর্তা জানান, কোনো আগাম বুকিং ছাড়াই ওই চার নেতা হোটেলে প্রবেশ করেন দুপুর ১২টার পর।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে হোটেল কর্তৃপক্ষ সরাসরি কোনো মন্তব্য করেনি। একজন কর্মকর্তা বলেন, “পিটার হাস সম্ভবত এখনো আসেননি বা এখানে নেই।” আরেকজন জানান, হোটেলে এমন একজনকে দেখা গেছে, যিনি দেখতে অনেকটা পিটার হাসের মতো, তবে নিশ্চিত নন।
তবে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী এক টেলিভিশন চ্যানেলকে পাঠানো ভয়েস মেসেজে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম। কিছুই না, আমরা কেবল ঘুরতে এসেছিলাম।”
এদিকে, এনসিপির এই সফর এবং পিটার হাসের সংশ্লিষ্টতা নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া যাচ্ছে।
উচ্চপর্যায়ের একটি ইমিগ্রেশন সূত্র টেলিগ্রাম নিউজকে নিশ্চিত করেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করেন। এরপর তিনি পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
অন্যদিকে, একটি পৃথক সূত্র দাবি করেছে, এনসিপির নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকের আড়ালে অন্য একটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে কক্সবাজারে বৈঠক করেছেন। তবে ওই প্রতিনিধি কে—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এনসিপির ভেতরের একাধিক সূত্র জানায়, ‘পিটার হাস’ প্রসঙ্গটি পার্টির ভেতরেও আলোচনা হয়েছে। তবে সেটি কৌশলগত না প্রকৃত ঘটনা—তা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এনসিপির এই সফর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সফর ও গোপন বৈঠকের গুঞ্জন আগামী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৪:২২ অপরাহ্ণ