কক্সবাজারে মোবাইল কোর্টের অভিযান: ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৪:০৩ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ওজন ও মানদণ্ড পরিমাপ আইনে উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ০৪টি ফিলিং স্টেশন এবং ০৩টি স্বর্ণালঙ্কারের দোকানে সরেজমিনে তদারকি করা হয়। এ সময় পরিমাপে অনিয়ম ও ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করার অভিযোগে ৩টি স্বর্ণ দোকানকে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্রগুলো সঠিকভাবে মেরামতের জন্য। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে সতর্ক করে জানান, ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ যন্ত্র দিয়ে স্বর্ণ বিক্রি করা হলে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসাথে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন তারা আইন মেনে সঠিক ও যাচাইকৃত ওজন যন্ত্র ব্যবহার করে স্বর্ণ বিক্রি করেন। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন