দলের উচিত ছিল আমাদের পক্ষে দাঁড়ানো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে। যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজারকাণ্ডে শোকজ নোটিশের জবাবে এমন ক্ষোভ উগড়ে দেন হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে নিজের আইডিতে শোকজের জবাবের বিষয়টি শেয়ারও করেন তিনি।
একাধিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাষ্ট্রীয় উদযাপনে যোগ না দিয়ে কক্সবাজারে ঘুরতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। এতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একান্ত বৈঠকের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। যদিও এটাকে গুজব বলে জানিয়েছেন তারা।
তবে, দলের অনুমতি না নেওয়ায় পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। গতকাল দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পাঠানো নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সফরের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আর ২৪ ঘণ্টার মধ্যেই এই শোকজের জবাব দিয়েছেন দলের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। সুত্র: ঢাকাপোস্ট

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৬:৩০ অপরাহ্ণ