আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী বিপুল অস্বচ্ছতা থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ও তার স্ত্রী মেহ্লাপ্রুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দুদকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ে মামলাটি হস্তান্তর করেন দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় বীর বাহাদুরের আয়-ব্যয়ের মধ্যে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৬ টাকা এবং তার স্ত্রী মেহ্লাপ্রুর ক্ষেত্রে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৪৭ টাকা পরিমাণ অর্থের অসঙ্গতি রয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলা জজ কোর্টে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (সংশোধিত ২০১৬) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, বীর বাহাদুর উশৈ সিং ও তার স্ত্রীর বিরুদ্ধে আয়ের উৎস গোপন, সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্ত শেষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মু্ক্তাদিল জয়
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ২:২০ পূর্বাহ্ণ