কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পিকআপ চালক ওসমান গনি (৩৫) মৃত্যুবরণ করেছেন। নিহত ওসমান গনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর মেধাকচ্ছপিয়া ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ওসমান গনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন দুটি সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ।
জানা গেছে, ওসমান গনি দীর্ঘদিন ধরে পেশাদার পিকআপ চালক ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এম.এইচ আরমান
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৭:৩৩ অপরাহ্ণ