ফেসবুক সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে।
মাহিন সরকার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিজের রক্ত দিয়ে রাঙিয়েছেন। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পরও তিনি ‘মানি না’ বলে অবস্থান নেন। এরপর মাহিন সরকারসহ চারজন সমন্বয়ক বাকিদের বৈধতা দিয়েছিলেন।
পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারের দাবিতে মাঠে নামলেও তিনি পাশে কাউকে পাননি বলে অভিযোগ করেন। হঠাৎ করেই তাকে বহিষ্কারের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—
“অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিলো। যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সে সুযোগও পাইনি। এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেলো।”
তিনি আরও লেখেন, “আমি সবসময়ই বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র।”


টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ২:১০ পূর্বাহ্ণ