ভাইরাল কাজলের নামে সৈকতের নামকরণ, সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ

সমুদ্রসৈকতের একাংশে ইউটিউব ও টিকটকে আলোচিত তরুণী কাজলের নামে ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে—“কাজল সৈকত”। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

জানা যায়, কাজল কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালংয়ের একটি দরিদ্র পরিবারের মেয়ে। বয়সে অল্প হলেও ইতোমধ্যে ইউটিউব ও টিকটকে তার ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মোবাইল ক্যামেরায় বিভিন্ন দৃশ্য ধারণ করে তিনি আলোচনায় আসেন। স্থানীয়ভাবে তাকে অনেকে “সাগর কন্যা” বলেও ডাকেন।

তবে সম্প্রতি সৈকতের একাংশে কয়েকটি ব্যানারে লেখা হয়েছে “কাজল সৈকত”। পর্যটন নগরী কক্সবাজারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সমুদ্রসৈকতের একটি অংশকে এভাবে ব্যক্তির নামে নামকরণ করাকে অনেকেই অযৌক্তিক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন—“কক্সবাজার সৈকত বাংলাদেশের গর্ব। এখানে কোনো ব্যক্তি বিশেষের নামে নামকরণ করা মোটেও শোভন নয়।”

এদিকে ফেসবুকে এ ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা সমালোচনায় মুখর হন। অনেকেই লিখেছেন—“সৈকত কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি পুরো দেশের সম্পদ।” এমনকি এ নিয়ে #SaveCoxsBazarBeach হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে পোস্ট দিচ্ছেন।

এ বিষয়ে জানতে কাজলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পায় যায়নি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন