- কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্রসৈকতে সম্প্রতি একটি ব্যানার টানানো হয়, যেখানে সৈকতের নামের সঙ্গে যুক্ত করা হয়েছিল ‘কাজল সি-বীচ’। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র সমালোচনা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পরিচিত পর্যটনকেন্দ্রের নাম পরিবর্তন করে টিকটক ও ইউটিউবে আলোচিত কাজলের নামে ব্যানার টানানোকে তারা সৈকতের ঐতিহ্য, মর্যাদা ও ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা হিসেবে দেখছেন। ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে সমালোচনার ঝড় শুরু হলে গতকাল ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। কাজলের বাবা জানান, মেয়ের পরিচিতি বৃদ্ধির আশায় তিনি ব্যানার টানিয়েছিলেন। তবে স্থানীয়দের প্রতিক্রিয়া ও সামাজিক চাপের মুখে সেটি নামিয়ে নিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সৈকতের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।

মোহাম্মদ মার্শাল
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ১০:১৭ পূর্বাহ্ণ