কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী। শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— সায়েম বাবু ও হাবিবুল আবছার। তারা ঘনিষ্ঠ বন্ধু এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সহপাঠীর সঙ্গে তারা সমুদ্র উপকূলে খেলতে যায়। একপর্যায়ে হঠাৎ জোয়ারের প্রবল ঢেউয়ে ভেসে যায় দুই শিক্ষার্থী। আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনার পর মনখালী উপকূল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পর্যটক ও স্থানীয়দের সাগরে নামা ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ।
উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ৪:১৭ অপরাহ্ণ