এই সরকার ক্ষমতায় থাকবে কি না তা ২৪ ঘণ্টার মধ্যে ফয়সালা হবে : গণঅধিকার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ৫:৫৫ অপরাহ্ণ

ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, “এই সরকার ক্ষমতায় থাকবে কি না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফয়সালা হবে।”

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেন বক্তারা।

তারা অভিযোগ করে বলেন, ভিপি নুরের ওপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। ভিন্নমত দমনে বর্তমান সরকার একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। তবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মাঠে আছেন এবং শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তার সিদ্ধান্ত হবে। জনগণ এখন আর ভয় পায় না, সরকারের পতন অনিবার্য।

বিক্ষোভ থেকে ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। একইসাথে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন নেতারা।

এদিকে ভিপি নুরের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল এ ঘটনাকে ক্ষমতাসীনদের রাজনৈতিক সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন