কক্সবাজার বাখালী নদী দখলকৃত স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কস্তুরাঘাট ও উকিলপাড়ার স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে এই মানববন্ধন কক্সবাজার সার্কিট হাউজের সামনে হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার মুখে স্থান পরিবর্তন করে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে উকিলপাড়ার সমাজ কমিটির সভাপতি এডভোকেট ইউসুফ বলেন, “এর আগেও আমাদের রেজিস্ট্রিকৃত জায়গা উচ্ছেদ করা হয়েছিল। আমরা উচ্চ আদালতে আপিল করি। আদালত আদেশ দেন উচ্ছেদ বন্ধ করতে। পরে সাবেক জেলা প্রশাসক শাহিন ইমরান তার ভুল বুঝতে পেরে আমার হাতে ধরে ক্ষমা চান। আমি তখন তাকে ‘ফেরওয়ান’ বলেছিলাম। সরকারের যদি জায়গা লাগে, আমরা জায়গা দিয়ে দেবো। তবে আমাদের জায়গাগুলো অধিগ্রহণ করতে হবে।”
এ সময় অর্ধ-হাজার কস্তুরাঘাট ও উকিলপাড়ার মানুষ মানববন্ধনে অংশ নেন। গত ৩০ আগস্ট উপদেষ্টা সাখাওয়াত হোসেন বাখালীর দখল বিষয়ে কক্সবাজার সার্কিট হাউজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় অংশ নিয়ে জানান—সকল ধরণের কাগজপত্র যাচাই-বাছাই চলছে, যেকোনো সময় সরকারি সিদ্ধান্ত নেওয়া হবে।

মুক্তাদিল জয়
প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ১১:৩৯ পূর্বাহ্ণ