ডিসি গোল্ডকাপে উখিয়ার জয়: জন্মভূমি না হয়েও ইউএনও’র বাঁধভাঙা উল্লাস

এম.ফেরদৌস
প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৫৬ অপরাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উখিয়া উপজেলা দল সদর উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে গৌরব অর্জন করেছে।

এই বিজয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান চৌধুরী আবেগাপ্লুত হয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। জন্মভূমি না হয়েও উখিয়ার হয়ে তাঁর এমন প্রাণখোলা উচ্ছ্বাস দল, খেলোয়াড় এবং স্থানীয় সমর্থকদের অনুপ্রাণিত করেছে বহুগুণে।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উখিয়া উপজেলা দল প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা দলকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ বিরাজ করলেও ২-০ গোলে উখিয়ার জয় নিশ্চিত হয়।

খেলা শেষে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ইউএনও কামরুল হাসান চৌধুরী। তাঁকে দেখা যায় খেলোয়াড়দের কাঁধে তুলে ধরতে, উল্লাসে চিৎকার করতে এবং স্থানীয় সমর্থকদের সঙ্গে করতালি দিতে। তাঁর এই আনন্দোচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে মুহূর্তেই, যা নিয়ে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা।

স্থানীয় খেলোয়াড়রা বলেন,এই বিজয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ইউএনও স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি আমাদের অনুপ্রেরণার প্রতীক। খেলোয়াড়দের প্রতি তাঁর আন্তরিকতা আমাদের জয়ের পথে আরও সাহস যুগিয়েছে।

খেলায় উপস্থিত দর্শকরাও জানান, উখিয়ার জয়ের পেছনে খেলোয়াড়দের নিবেদন যেমন রয়েছে, তেমনি ইউএনও এবং রাজনৈতিক ব্যক্তিদের সার্বক্ষণিক সহযোগিতা ও মানসিক সমর্থনও বড় ভূমিকা রেখেছে।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট কক্সবাজারের উপজেলা পর্যায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা। প্রতিবছর এই আসরকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উখিয়ার এই জয়ে ইউএনও’র আবেগঘন অংশগ্রহণ প্রমাণ করেছে—অফিসের বাইরেও একজন প্রশাসনিক কর্মকর্তা জনগণের সঙ্গে কতটা নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন