উখিয়ায় ইয়াবা কারবারির মলদ্বার থেকে উদ্ধার করল ইয়াবা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে মলদ্বারে লুকানো ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক জাহাঙ্গীর টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং বিওপি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তা তল্লাশির জন্য থামায়। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীরকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে মলদ্বারের ভেতরে ইয়াবা বহন করছে। পরবর্তীতে স্থানীয় প্যাথলজিতে এক্স-রে করালে ইয়াবার প্যাকেট শনাক্ত হয়। পরে চিকিৎসকের সহায়তায় কালো রঙের একটি বায়ুরোধী প্যাকেট থেকে ১,৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, আসামি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উখিয়া বিজিবি জানায়, সীমান্ত পাহারা ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন