জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশিখালি ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিজেন্টের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে শীর্ষ জলদস্যু আবু তালেব ওরফে সোনাইয়া ডাকাতের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তার বাড়ির পাশের দুটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় ডুবন্ত অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একনলা বন্দুক ১টি, তাজা কার্তুজ ৩ রাউন্ড, কিরিচ ২টি, চাপাতি ১টি, লোহার রড ১টি, হাতুড়ি ১টি এবং একটি লাঠি।
অভিযানের সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে সোনাইয়া ডাকাত পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক সোনাইয়া ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু তালেব ওরফে সোনাইয়া ডাকাত ওই এলাকায় জলদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৩২ অপরাহ্ণ