কক্সবাজার জেলায় সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের পর ফাঁস লাগিয়ে আত্মহত্যার মতো নাটকীয় ঘটনার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে রামু ও উখিয়া উপজেলায় একের পর এক এমন ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
সাম্প্রতিক সময়ে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আমিন উল্লাহ হত্যাকাণ্ড এর বড় উদাহরণ। উখিয়ার শৈবাল পয়েন্টে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও পরে প্রকাশিত এক ভিডিও বার্তা বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রামু উপজেলায়ও সম্প্রতি দোকানের এক কর্মচারীর টাকা চুরির অভিযোগ নিয়ে সালিশ বসার আগেই ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
সবশেষ আজ (১৫ সেপ্টেম্বর) রামু উপজেলার উত্তর থোয়াঙ্গাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লতাবুনিয়া পাহাড় এলাকায় (মৌজা নং ২৭৯) রাবার বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় মনজুর আলমের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে। ভোরের দিকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পেছনে থেকে যায় নানা প্রশ্ন ও রহস্য। এলাকাবাসী দ্রুত এসব ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এইচ.এম আরমান
প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৫৮ অপরাহ্ণ