কক্সবাজারের রাগীবের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:০৮ অপরাহ্ণ

 

কক্সবাজার সদর উপজেলার একমাত্র প্রতিনিধি হিসেবে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাগীব মাহতাব ২০২৪ সালের জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

গত ১৭-১৯ জুন ২০২৫ ইং তারিখে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদেশের কয়েক হাজার প্রার্থীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোট ৫২৪ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এর ফলাফল প্রকাশিত হয় গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে।

উল্লেখ্য, রাগীব মাহতাব কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিয়ারছড়া ব্রিক ফিল্ড রোডের বাসিন্দা ব্যবসায়ী নাছির উদ্দীন ও সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ রাখাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস শাহীন আক্তারের একমাত্র পুত্র।

নিজের এই অর্জন তিনি সম্মানিত শিক্ষকদের প্রতি উৎসর্গ করেছেন। পাশাপাশি তিনি তার মাতা-পিতা, বোন, শিক্ষক, প্রশিক্ষক, সিনিয়র স্কাউটার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে পড়ালেখার পাশাপাশি স্কাউটের সব কার্যক্রমে যুক্ত থেকে দেশের উন্নয়ন কাজে অবদান রাখতে চান বলে জানিয়েছেন তিনি।
রাগীব সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন