নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২০

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩৪ অপরাহ্ণ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত করে দেশে আইন-শৃঙ্খলা বিনষ্ট করার নিমিত্তে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ওই মিছিলে অংশ নেয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এর আগে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন