কক্সবাজার জেলার টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২ মামলার পলাতক আসামি এবং শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। এ সময় আরও দু’জন সহযোগীকেও আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ) এর একটি চৌকস দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায়। অভিযানে জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের সময় তার সহযোগীদের আহ্বানে প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে র্যাব সদস্যদের উপর লাঠি-সোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা ব্যারিকেড সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায়। এ ঘটনায় র্যাবের কয়েকজন সদস্য আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জাহাঙ্গীর আলমের দুই সহযোগী—রোহিঙ্গা যুবক মো. ছালাম (১৮) এবং মো. আনোয়ার হোসাইন (২৭) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি লাঠি ও ভাঙা ইটের টুকরো জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (৩৫): পিতা-মৃত লাল মিয়া, মাতা-মৃত ওয়াছ খাতুন; সাং- লেদা পূর্ব পাড়া, হ্নীলা ইউপি (ওয়ার্ড-৮), থানা- টেকনাফ। মো. ছালাম (১৮) (রোহিঙ্গা): পিতা-মৃত আ. হামিদ, মাতা-সানজিদা বেগম; সাং- ক্যাম্প নং-২৪, লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প, হ্নীলা, টেকনাফ,মো. আনোয়ার হোসাইন (২৭): পিতা-ছৈয়দ নূর, মাতা-মৃত আয়েশা বেগম; সাং- দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া ইউপি (ওয়ার্ড-৫), থানা- মহেশখালী। বর্তমানে লেদা পুরাতন স্টেশন, হ্নীলা ইউপি, টেকনাফে বসবাসরত।
র্যাবের উপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ১:৪৯ অপরাহ্ণ