কক্সবাজার শহরের লালদিঘি পাড়ের ইডেন গার্ডেন আবাসিক ভবনের ৭ম তলার সিড়ি থেকে পড়ে নুর উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২ অক্টোবর দিবাগত রাত ১টার পর। স্থানীয়রা জানান, হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা নুর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নুরুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন, তার ছেলে অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তিনি আবেদনপত্রে আরও জানান, এ ঘটনায় তার পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একই সঙ্গে বিনা ময়নাতদন্তে ছেলের লাশ দাফনের অনুমতি চান তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নুর উদ্দিন ছিলেন সবার প্রিয় সন্তান। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
আইনি প্রক্রিয়া শেষে প্রশাসনের অনুমতি মিললে নিহত নুর উদ্দিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৮:২৫ অপরাহ্ণ