কক্সবাজারের ঈদগাঁওতে নদী দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ঈদগাঁও নদীর পুরাতন পুলিশ বিটের সামনের ছাগল বাজার পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে দখলদারকেই সঙ্গে নেওয়ায় চলছে তীব্র সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ঈদগাঁও নদীর তীর দখল করে সীমানা প্রাচীর দিয়ে আসছিলেন। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে দখলদার জাহাঙ্গীর আলমকেই সঙ্গে নেওয়া এবং তার উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়রা বলছেন, যে ব্যক্তি নদী দখল করে স্থাপনা তুলেছে, তাকেই সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করাটা প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
আজ সকালে অভিযান পরবর্তী এসিল্যান্ড শারমিন সুলতানা সাংবাদিকদের বলেন, সরকারি খাল-নদী দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ এমন দখলচেষ্টা চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নদী দখল ও প্রশাসনের ভূমিকা নিয়ে এখন পুরো ঈদগাঁওজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয় সচেতন মহল মনে করছে, নদী রক্ষায় প্রকৃত দায়ীদের জবাবদিহিতার আওতায় না আনলে এমন অভিযানে কোন স্থায়ী সমাধান আসবে না।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫ । ১:২৬ পূর্বাহ্ণ