মুনাফ সিকদারের স্ত্রীকে নিয়ে ট্রল: প্রতিবাদ জানালেন যুবদল নেতা কানন বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ । ৫:০৪ অপরাহ্ণ

 

ঢাকা থেকে গ্রেফতার হওয়া কক্সবাজার শহর যুবলীগ নেতা মুনাফ সিকদারের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূ মন্তব্য ও ট্রলের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল।

রবিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে কানন বড়ুয়া লেখেন, “মুনাফ সিকদার, একই শহরের বাসিন্দা আমরা। রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হলেও, তাঁকে গ্রেফতারের পর তাঁর স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে নোংরামি করা হচ্ছে, তা ন্যাক্কারজনক ও ঘৃণ্য।”

তিনি আরও লেখেন, “একজন মানুষের স্ত্রী নিয়ে কটূক্তি করা, বাজে মন্তব্য ছোড়া এসব বিকৃত রুচির প্রকাশ। হতে পারে সে রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি খারাপ মানুষও হতে পারে। কিন্তু একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর সঙ্গে চলাফেরা বা উপস্থিতি কোনো অপরাধ নয়। বরং সেটি স্বাভাবিক সামাজিক ও পারিবারিক আচরণ।”

 

কানন বড়ুয়া তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, “আমরা যারা সমাজে পরিবর্তনের কথা বলি, তারাই যদি অন্যের স্ত্রী বা নারীকে নিয়ে বাজে মন্তব্য করি, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। আওয়ামী আমলেও দেখেছি, রেলমন্ত্রী মুজিবুল হকের বিবাহিত জীবন নিয়েও এমন ট্রল হয়েছিল। তখনও আমি প্রতিবাদ করেছিলাম।”

তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলন, “রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। ভিন্ন মতাদর্শের নারীদের নিয়ে বাজে আচরণ না করে সমাজে মা-বোনদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।”

শেষে কানন বড়ুয়া বলেন, “একজন নারী একজন মা, বোন, মেয়ে ও স্ত্রী। আমাদের অসভ্য আচরণের কারণে যদি সমাজ নারীদের জন্য অনিরাপদ হয়ে ওঠে, তাহলে আমরা নিজেরাই আমাদের মা-বোনদের অনিরাপদ করে তুলব।”

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন