বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি-জামায়াত ভাই ভাই, এই মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে।
সোমবার (২০ অক্টোবর) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে জয়নাল আবদিন ফারুক বলেন, “আপনারা যদি ক্ষমতায় আসেন, পিআর (পারসোনাল রিলেশন) ঠিক করে নেবেন। যখন ‘জুলাই সনদ’-এ দস্তখত করে ফেলেছেন, আসুন সবাই মিলে ইউনূস সাহেবকে সহযোগিতা করি।”
বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচনে যাতে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে— সেজন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “বিমানবন্দরে যখন আগুন লেগেছে, হাজার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে, ব্যবসায়ীরা পথে বসে গেছে। তার দুই দিন আগে মিরপুরে একটি ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে। ঠিক সেই সময়ে—যখন সরকার জনগণের ভোটাধিকার দিতে যাচ্ছে—একটি চক্র, যারা বিগত ১৬ বছর আপনাদের দুঃখ দিয়েছে, মায়ের বুক থেকে সন্তানকে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়েছে, আজ আবার সেই আওয়ামী শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে।”
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ জয়লাভ করলে, এই দেশে আর বৈষম্য থাকবে না, হয়রানি থাকবে না, বিচার বিভাগকে লাথি মারা হবে না, আর আয়নাঘর বানানো হবে না।”

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ । ১০:২৩ অপরাহ্ণ