উখিয়ায় রেজুখালে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ১২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় নদীতে ডুবে শাহী সরওয়ার ফরহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সোনার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ফরহাদ তার পিতার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী রেজুর খালে নৌকায় চড়ে বরশি দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে নৌকা থেকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে নদীর গভীরে তলিয়ে যায়।

ছেলের চিৎকারে তার পিতা ও আশেপাশের লোকজন ছুটে গেলেও পানির স্রোতে মুহূর্তেই ফরহাদ নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর উদ্ধার অভিযান চালান। অবশেষে আজ (রবিবার) সকালে অভিযানকারীরা রেজুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন