মহেশখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:৪৪ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকী পাড়ার বাসিন্দা ও রিক এনজিও কর্মী জয়নাল আবেদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে জয়নাল আবেদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে বদরখালীর একটি ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বুধবার দুপুরে তিনি সেখানে ভর্তি হন, কিন্তু রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুজনিত জটিলতা থেকে ব্রেন স্ট্রোক হলে তার মৃত্যু ঘটে। পরীক্ষার ফলাফল হাতে আসার আগেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, জয়নাল ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সমাজমুখী মানুষ। তার মৃত্যুতে পরিবার ছাড়াও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, গত ৬ অক্টোবর তিনি রোমাইসা নামে এক তরুণীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। মাত্র তিন সপ্তাহের মাথায় মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন নববধূ রোমাইসা ও দুই পরিবারের সদস্যরা।
রাতে শাপলাপুরে মরদেহ পৌঁছালে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সহকর্মীরা শেষবারের মতো দেখতে ছুটে আসেন।
এদিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মহেশখালীর বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিনই একাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। চিকিৎসকরা মশার প্রজননস্থল ধ্বংস ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন