কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্টে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসা চালিয়ে আসছেন জেলা কৃষকলীগ নেতা নুরুল আলম ও জাফর নামের দুই ব্যক্তি। প্রথমে ছোট আকারে ঝুপড়ি ঘর তুলে শুরু হলেও এখন তা পরিণত হয়েছে বিশাল দখল সাম্রাজ্যে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুগন্ধা মসজিদের সামনের অংশজুড়ে বিস্তৃত জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে ‘হাঁড়ি’ নামের এই রেস্টুরেন্ট। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গা দখল করে ব্যবসার পরিধি কয়েকগুণ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
রেস্টুরেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা কৃষকলীগ নেতা নুরুল আলম ও জাফর মিলে এই রেস্টুরেন্ট পরিচালনা করছেন। তবে জাফরের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ‘জমিটি এস আলম কোম্পানির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এখানে কোনো দখল নেই’।
অন্যদিকে নুরুল আলম বলেন, হাঁড়ি রেস্টুরেন্টে আমার কোনো শেয়ার নেই। বিষয়টি সম্পূর্ণ জাফরের।
তবে জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সুগন্ধা মসজিদের সামনের যে জায়গায় রেস্টুরেন্টটি স্থাপন করা হয়েছে, সেটি সরকারি খাসজমি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ দেওয়া হয়নি।
স্থানীয় সচেতন মহল বলছেন, দেশের প্রধান পর্যটনকেন্দ্রের এমন সংবেদনশীল স্থানে সরকারি জায়গা দখল করে ব্যবসা চালানো দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থার দাবি রাখে।

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ১০:১৫ অপরাহ্ণ