পেকুয়ায় ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল মসজিদের ইমামের

বাহার উদ্দিন,পেকুয়া
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:০৪ অপরাহ্ণ

 

কক্সবাজারের পেকুয়ায় ইজি বাইকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমাম হাফজ মাওলানা সাইফুল ইসলাম  (৪৮) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজি বাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম পেকুয়া সদর ইউনিয়নের সরকারী ঘোনা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে। তিনি চট্রগ্রামের রাউজান ওরিছখান পাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার দুই ছেলে আর এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

নিহতের ছেলে মোহাম্মদ সাঈদুল কাদের সাঈদ বলেন, আব্বা সহ আমরা আমার বোনের বাড়িতে বেড়াতে যায়, আসার পথে আব্বা গাড়ি থেকে নেমে যায়, পরে রাস্তা পার হতে গিয়ে ইজি বাইকের ধাক্কায় নিহত হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি জেনেছি।

হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন