রাত্রিযাপন নিষিদ্ধে সেন্টমার্টিনে পর্যটকদের অনীহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ । ১২:০২ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ করায় ভ্রমণ আগ্রহে ভাটা পড়েছে পর্যটকদের। দিনে গিয়ে দিনে ফিরে আসার এই নিয়মে সময় ও কষ্টের হিসাব মিলছে না কারো।

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন যেতে এবং ফিরে আসতে সময় লাগে প্রায় ১৫ ঘণ্টা। এত দীর্ঘ ভ্রমণের পর দ্বীপে অবস্থানের সুযোগ মেলে মাত্র এক থেকে দুই ঘণ্টা যা অনেকটা লাঞ্চ বা ভাত খাওয়ার বিরতির মতোই সংক্ষিপ্ত।

এই বাস্তবতায় বহু পর্যটকই সেন্টমার্টিন ভ্রমণ থেকে সরে আসছেন। তাদের দাবি, সেন্টমার্টিনের আসল সৌন্দর্য রাতেই ফুটে ওঠে চাঁদের আলো, ঢেউয়ের শব্দ আর নিস্তব্ধ সৈকতের আবহই দ্বীপটির প্রাণ। দিনের বেলায় সেই সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায় না।

অন্যদিকে প্রশাসনের ব্যাখ্যা, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নভেম্বর মাসে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত আকারে রাত যাপনের অনুমতি থাকবে, আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে।

সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দিনে গিয়ে দিনে ফেরার শর্তে জাহাজ পরিচালনা করা অলাভজনক এবং অযৌক্তিক। ফলে দ্বীপে ভ্রমণ মৌসুম শুরু হলেও পর্যটকবাহী জাহাজ ছাড়ার অনিশ্চয়তা এখনো কাটেনি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন