উন্মুক্ত মাঠে নিজের সব তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ২:২০ অপরাহ্ণ

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি চলতি বছরের সকল উন্মুক্ত মাঠে তাফসিরুল কুরআন মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। শনিবার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে আজহারি লেখেন, গত বছর তিনি দেশের আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছিলেন, যা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত এসব মাহফিল সামলাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম করতে হয়।

তিনি বলেন, বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক এক বিশেষ আমেজ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের মহাসমাবেশ ও প্রচারণা শুরু করেছে। এসব কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক দায়িত্ব থাকায় এ সময়ে বড় কোনো তাফসির মাহফিল আয়োজন যুক্তিযুক্ত হবে না।

আজহারি আরও জানান, জাতীয় স্বার্থে নির্বাচনের আগমুহূর্তে নতুন তাফসির প্রোগ্রাম আয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে এবছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর স্থিতিশীল পরিবেশে আবারও তাফসিরুল কুরআনের ঐতিহাসিক আয়োজনে জনগণের সঙ্গে মিলিত হবেন।

একইসঙ্গে তিনি জানান, বর্তমানে তিনি তার নবগঠিত প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশন-এর কার্যক্রমে পুরোপুরি মনোনিবেশ করছেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে প্রতিষ্ঠানটি সম্প্রতি যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।

শেষে তিনি সকলের দোয়া কামনা করে লিখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া প্রত্যাশা করছি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন