উখিয়ায় লোকালয়ে পড়ে আছে বন্য হাতির নিথর দেহ

মোহাম্মদ আলাউদ্দিন
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১২:৫৪ অপরাহ্ণ

উখিয়ায় লোকালয়ে বৈদ্যুতিক শক দিয়ে একটি বন্য হাতিকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর থেকে হাতিটি উখিয়ার রাজা পালংয়ের খয়রাতি পাড়ায় পড়ে আছে। সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বনবিভাগের একটি টীম।

স্থানীয়রা জানান, ভোরের দিকে তাঁরা প্রথম মরদেহটি দেখতে পান। বিশাল দেহ নিয়ে নিশ্চুপ পড়ে থাকা বন্য প্রাণীটিকে ঘিরে জড়ো হতে থাকে উৎসুক মানুষ। খুব দ্রুতই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বিভাগের একটি দল।

বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ফসল রক্ষার উদ্দেশ্যে কেউ কারেন্টযুক্ত জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিল। সেটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যে নমুনা সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছে।

বন্য হাতির করুণ এই মৃত্যু এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিবেশবাদীরা বলছেন, মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব বাড়লেও বৈদ্যুতিক ফাঁদ কোনো সমাধান নয়। বরং এ ধরনের ফাঁদ মানুষ ও প্রকৃতি, দু’পক্ষের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন