- একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ যেখানে আছে সেখান থেকে আবারও দাঁড় করাতে হবে। টেনে তুলতে হবে। যাদের ইতিহাস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে; তাদের কথাও আমাদের বলতে হবে। যারা ইনিয়ে বিনিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমরা মাঝে মাঝে জিঙ্গেস করি, মুক্তিযুদ্ধাটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্রবন্ধুরা ভালোমতো বলতে পারবেন। জনগণের সাথে কিছুদিন পরে হয়তো বলবে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি নাই। এ রকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন।’
তিনি বলেন, ‘এখন জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। তারপরও মাঠে ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কি করতে চাই সেটা জনগণের সামনে পরিষ্কার করা। আমরা তাদের বলবো, এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষি উৎপাদনের উপকরণের পাওয়ার নিশ্চিয়ত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই আপনার জন্য স্বাস্থ্যকার্ড, এই কৃষিকার্ড, এই সার্বিক সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ।
তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল উল্লেখ করে আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গেও অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল।’
কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর নির্বাচন হলে আমরা মানি না। আমি কারও নাম নিতে চাই না। তারা গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা।’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ১:০৭ অপরাহ্ণ