ঈদগাঁওয়ে অসুস্থ ষাটোর্ধ্ব বৃদ্ধকে বিনা ওয়ারেন্টে আটক, এলাকাজুড়ে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫৩ পূর্বাহ্ণ

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ষাটোর্ধ্ব প্রবীণ ও অসুস্থ সাহাব উদ্দিনকে আওয়ামী লীগ কর্মী আখ্যা দিয়ে বিনা ওয়ারেন্টে আটক করার ঘটনায় এলাকাজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ৬৭ বছর বয়সী সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও কর্মক্ষম। এমন অবস্থায় তাকে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে হঠাৎ করে আটক করা মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেছেন এলাকাবাসী।

পরিবারের অভিযোগ, একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলে দীর্ঘবছর ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না। বয়সজনিত নানা জটিলতায় তিনি নিয়মিত চিকিৎসাধীন। বিনা ওয়ারেন্টে তাকে আটক করার ঘটনায় পরিবার চরম আতঙ্কে রয়েছে এবং তার চিকিৎসা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে পরিবার।

এ ঘটনায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে অমানবিক ও হয়রানিমূলক বলে আখ্যায়িত করে অবিলম্বে প্রবীণ ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

মানবাধিকারকর্মীরা বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া এ ধরনের আটক আইন ও সংবিধান পরিপন্থী। বিশেষ করে একজন অসুস্থ ও প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে মানবিকতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন