স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, কনস্টেবল প্রত্যাহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৯:৫৪ অপরাহ্ণ

স্বামীর পুলিশের পোশাক পরে স্ত্রী টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

 

ওই কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

 

‎কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন, সাইফুজ্জামান তার স্ত্রী সিমা খাতুনকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ভিডিও তৈরি করতে দিয়েছেন, যা পরে টিকটকে প্রকাশ করা হয়। খবর পাওয়ার পর তিনি নিজে ওই বাসায় গিয়ে বিষয়টি যাচাই করেন। যাচাই করে অভিযোগের সত্যতা পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গতকালই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

 

‎রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ সদস্যের ইউনিফর্ম অন্য কেউ পরিধান করতে পারে না। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন