জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সক্রিয়: সুরভীর আইনজীবী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৩ অপরাহ্ণ

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল বলেন, ভারতীয় আধিপত্যবাদের একটি চক্র জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেখানে সুরভীর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগটাই মিথ্যা। সেখানে একটা শ্রেণী অতি উৎসাহী হয়ে শুধু জুলাইযোদ্ধা বলে সুরভীকে গ্রেফতার করেছে। সুরভীর জামিনের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন জেলা জজ আদালত-১ এর বিচারক। সোমবার সন্ধ্যায় রিভিশন শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে একই দিন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন।

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানার ৫০ কোটি টাকা চাঁদাবাজির একটি মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর নিজ বাসায় ঘুম থেকে উঠিয়ে গ্রেফতার করা হয়।

এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়- ‘গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জামান সুরভী ওই চক্রের মূল নেতৃত্বে ছিলেন। এ চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।’

মামলার বিবরণের সূত্র দিয়ে গণমাধ্যমে আরও বলা হয়, ‘গত বছরের জুলাই– আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।’

আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল বলেন, যেখানে এ মামলায় রিমান্ড চাওয়ারই কথা না, সেখানে রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া তার জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ১৭ বছর এক মাস। ২০০৮ সালের নভেম্বর মাসের ২৯ তারিখে তার জন্ম। একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে কিভাবে রিমান্ড দেওয়া হলো? রিভিশন শুনানিতে ন্যায়বিচার পাওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সুরভীর চাচা মোহাম্মদ রাসেদ বলেন, সাংবাদিক দুর্জয় সুরভীকে কুপ্রস্তাব দিয়েছিল; তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাব খাটিয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে অথচ ৫০ কোটি টাকা লিখতে কয়টি শূন্য দিতে হবে তাও সে বলতে পারবে না।

মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় এবং বিবাদী তাহরিমা জান্নাত সুরভীর একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সুরভীকে হোটেলে নিতে না পারায় দুর্জয়কে আক্ষেপ করতে শোনা গেছে।

এদিকে দুর্জয়কে তৃতীয় একটি পক্ষ ব্যবহার করছে দাবি করে ইসমাইল সরদার নামে একজন বলেন, আমি কোনো প্রমাণ ছাড়া মন্তব্য করতে রাজি নই এবং আমি মব জাস্টিসের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করি। তবে সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে এ বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ অনুসন্ধান করা যেতে পারে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন