খুরুশকুলে হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তির উদ্যোগ নুরুল আমিনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৬:৪২ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তিনি—এমনটাই জানান স্থানীয়রা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২০ জন এতিম ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন নুরুল আমিন। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের নতুন করে পড়ালেখায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবারগুলোও নতুন করে আশার আলো দেখছে।

উল্লেখ্য, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল আমিন মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক ভোট অর্জন করলেও তৎকালীন সরকারের হস্তক্ষেপে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি—এমন অভিযোগ রয়েছে। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এলাকাবাসীর কাছে তার জনপ্রিয়তা ও জনসমর্থন আজও অটুট বলে মন্তব্য করেন সচেতন মহল।

স্থানীয়দের মতে, নুরুল আমিনের এই মানবিক উদ্যোগ খুরুশকুল ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে শিক্ষার গুরুত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে এই সহায়তা কার্যক্রম।

এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের এমন মানবিক ভূমিকা সময়ের দাবি এবং অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন