সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. ফরিদ। তিনি এলাকায় ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন এবং তিন বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার পিতা মৃত মো. কালু, যিনি নিজেও সাবেক সেনা সদস্য ছিলেন। ফরিদ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় টাকা তুলতে তিনি রামু থেকে এটিএম বুথে গিয়েছিলেন। টাকা তুলে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন