আরব আমিরাতে বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে মিলবে দ্বিগুণ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৩:৩৭ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পারিবারিক জীবন শুরু করতে উৎসাহ দিতে এক ব্যতিক্রমী আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে—যার বাংলাদেশি মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

 

এই উদ্যোগ শুধু বিয়ের অনুদানেই সীমাবদ্ধ নয়। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে দম্পতি সন্তান লাভ করলে সেই আর্থিক সহায়তার অঙ্ক দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবার গঠনের ধারাবাহিকতায় কর্মীরা আরও বড় অঙ্কের সহায়তা পাবেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন ব্যক্তিগত সিদ্ধান্তের গণ্ডি পেরিয়ে সামাজিক ও জাতীয় দায়িত্বের অংশ। তার মতে, টেকসই সমাজ এবং শক্তিশালী জাতি গঠনের ভিত্তি হলো স্থিতিশীল পারিবারিক কাঠামো।

 

তিনি আরও উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই তরুণদের পারিবারিক জীবন শুরু করতে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। তবে নাগরিকদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সামাজিক সংহতি জোরদারে বেসরকারি খাতেরও বাস্তবভিত্তিক ভূমিকা রাখা জরুরি—এই ভাবনা থেকেই আল হাবতুর গ্রুপের এমন সিদ্ধান্ত।

 

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখ হলেও স্থানীয় আমিরাতিদের অংশ মাত্র প্রায় ১৫ শতাংশ। জনসংখ্যার ভারসাম্য রক্ষা এবং স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে ফেডারেল ও স্থানীয় সরকার নানা কর্মসূচি চালু রেখেছে। আল হাবতুর গ্রুপের নতুন এই অনুদান কর্মসূচি সেই সরকারি উদ্যোগকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে। মূলত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে একটি সুস্থ, স্থিতিশীল ও সুন্দর পারিবারিক জীবনের পথে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন