ঢাকা-১২ সংসদীয় আসনে এবারের নির্বাচনে এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। মূল তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামই ‘সাইফুল’ হওয়ায় ভোটারদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও রসিকতা।
এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন সাইফুল আলম নীরব। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন সাইফুল হক। একই সঙ্গে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নামও সাইফুল আলম।
একই নামের তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ভোটের মাঠে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভোটারই বলছেন, ব্যালট পেপারে নামের মিল থাকায় প্রতীকই হবে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নামের মিল কিছুটা বিভ্রান্তি তৈরি করলেও শেষ পর্যন্ত দলীয় অবস্থান, প্রচারণা ও সাংগঠনিক শক্তিই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
এদিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে অনেকেই লিখছেন, ঢাকা-১২ আসনে যে-ই এমপি নির্বাচিত হোন না কেন, তাঁর নাম যে ‘সাইফুল’ হবে, তা প্রায় নিশ্চিত।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই ‘৩ সাইফুল’-এর লড়াই ঘিরে ভোটারদের আগ্রহ বাড়ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে ওঠে ঢাকা-১২ আসনের সংসদীয় আসন।

এম এইচ আরমান
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ৩:২৯ পূর্বাহ্ণ