সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সেন্টমার্টিনের মাঝের পাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে সমুদ্র এলাকা থেকে উত্তোলিত প্রাকৃতিক পাথর ব্যবহার করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ভুক্ত স্থানে অবৈধ নির্মাণ কাজ চালানোর দায়ে একটি রিসোর্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত ৫৫ বস্তা প্রাকৃতিক পাথর এবং ১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় প্রদান করা হয়েছে।
কক্সবাজার পর্যটন সেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান,“সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত যতদিন অব্যাহত থাকবে, ততদিন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।”জেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ নির্মাণ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ