নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নি/হত হয়েছেন ৪ জন: প্রেস সচিব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৪ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশের হিসাবে মারা গেছেন ৪ জন। এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক কম। রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। নির্বাচনী প্রচারণায় আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানাই।

 

 

সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া নানা সিদ্ধান্ত তুলে ধরেন প্রেস সচিব। তিনি জানান, সভায় কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

এ ছাড়া পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ এবং আমদানি নীতি আদেশ ২০২৫-২৮-এর খসড়া অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।

 

প্রেস সচিব বলেন, কুমিল্লা ও নারায়ণগঞ্জ শহর দুটি দিন দিন বড় হচ্ছে। এই দুটি শহরকে উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। এখন থেকে খেলার মাঠ, ভবন নির্মাণ নীতিমালা ও জলাধারসহ সব ক্ষেত্রেই একটি শৃঙ্খলা আসবে।

 

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, শেরপুরের হত্যাকাণ্ড দুঃখজনক। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আজই নিহতের দাফন হতে পারে। এরপর পরিবার সিদ্ধান্ত নেবে মামলা হবে কি না।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন