ইরানের অভ্যন্তরে অত্যন্ত জটিল ও দুঃসাহসিক এক অভিযান চালিয়ে নিজেদের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। তবে এই উদ্ধার অভিযান সফল হলেও পিছু হটার সময় মার্কিন বাহিনীকে তাদের নিজস্ব দুটি শক্তিশালী পরিবহন বিমান ধ্বংস করে দিয়ে আসতে হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকদিন আগে ইরানের একটি দুর্গম অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানের ওয়েপন সিস্টেম অফিসার এবং উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তাকে (কর্নেল পদমর্যাদার) উদ্ধারে কয়েকশ মার্কিন কমান্ডো এই অভিযানে অংশ নেন।
ইরানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মার্কিন কমান্ডোরা ইরানের একটি জনমানবহীন দুর্গম অঞ্চলে গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল। উদ্ধার অভিযানে প্রথমে দুটি পরিবহন বিমান পাঠানো হয়েছিল। কিন্তু কারিগরি জটিলতা বা প্রতিকূল পরিবেশের কারণে বিমান দুটি সেখানে আটকে যায় এবং উড্ডয়নের সক্ষমতা হারায়।
পরবর্তীতে ওই ক্রু এবং আগের উদ্ধারকারী দলের সদস্যদের ফিরিয়ে আনতে আরও তিনটি পরিবহন বিমান পাঠানো হয়। যেহেতু আটকে পড়া প্রথম দুটি বিমান কোনোভাবেই উড়িয়ে আনা সম্ভব হচ্ছিল না, তাই সেগুলো ইরানিদের হাতে পড়ার ঝুঁকি এড়াতে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন কমান্ডোরা। শত্রুপক্ষ যেন মার্কিন প্রযুক্তি ব্যবহার করতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত ক্রু সদস্যকে ইতিমধ্যে ইরান থেকে বের করে কুয়েতের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।
এই সফল অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন,আমরা তাকে উদ্ধার করেছি! আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল-তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা এই অভিযানকে ভিয়েতনাম বা পরবর্তী সময়ের বড় কোনো উদ্ধার অভিযানের সাথে তুলনা করছেন। তবে খোদ ইরানের ভূখণ্ডে ঢুকে মার্কিন কমান্ডোদের এই কর্মকাণ্ড দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ১২:৩২ অপরাহ্ণ