দক্ষিণ-পশ্চিম ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) এঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিন নিউজ জানিয়েছে, ভূপাতিত একটি এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের সময় দক্ষিণ-পশ্চিম ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রদেশের পার্বত্য এলাকা ব্ল্যাক মাউন্টেন-এ এই হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফ-১৫ বিমানের দুই ক্রু সদস্যকেই সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে কোনো আমেরিকান নাগরিক নিহত বা আহত হননি বলে তিনি দাবি করেন। তবে অভিযানের বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওয়াশিংটন।
গত শুক্রবার ইরানে মার্কিন এই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। বিমানটির পাইলটকে ঘটনার পরপরই উদ্ধার করা সম্ভব হলেও এই ক্রু সদস্য নিখোঁজ ছিলেন। দীর্ঘ উৎকণ্ঠার পর সফল অভিযানের মাধ্যমে তাঁকে উদ্ধার করা হলো।
সূত্র: দ্য গার্ডিয়ান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ