কক্সবাজার সমুদ্র সৈকতের পরিচিত ফটোগ্রাফার মোহাম্মদ আলমের ৯ মাস বয়সী কন্যা সন্তান সুরাইয়ার মৃত্যু হয়েছে। হাম রোগে আক্রান্ত হয়ে চারদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকরা শিশুটির শ্বাসকষ্টের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে হাই ফ্লো অক্সিজেন পাইপ সংগ্রহ করতে বলেন। অসহায় বাবা মোহাম্মদ আলম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে প্রয়োজনীয় পাইপ সংগ্রহ করেন। তবে হাসপাতালে পৌঁছে জানতে পারেন, এর আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট সুরাইয়া।
এদিকে মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েন মা সেনোয়ারা বেগম। হাসপাতালজুড়ে তাঁর আহাজারি ও আর্তনাদে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজন ও সহকর্মীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।
সুরাইয়ার অকাল মৃত্যুতে কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফার সমাজসহ বিভিন্ন মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ