টেন্ডারে মিলেনি নির্ধারিত দর, আবারও খাস কালেকশনে যাচ্ছে ঈদগাঁও গরুর বাজার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১০:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজার ইজারা নিয়ে জটিলতা কাটেনি। সরকারিভাবে ৩ কোটি ৭০ লাখ টাকা দর নির্ধারণ করা হলেও টেন্ডারে অংশ নেওয়া কোনো দরদাতা ওই নির্ধারিত মূল্যের সমপরিমাণ দর জমা না দেওয়ায় বাজারটি ইজারা দেওয়া সম্ভব হয়নি। ফলে এবারও বাজারটি খাস কালেকশনের আওতায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, ঈদগাঁও বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলে এতে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান টেন্ডার জমা দিলেও কেউই সরকারের নির্ধারিত ৩ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ বা তার বেশি দর প্রস্তাব করেননি। এ অবস্থায় বিধিমালা অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের রাজস্ব স্বার্থ বিবেচনায় নির্ধারিত মূল্যের নিচে বাজার ইজারা দেওয়া সম্ভব নয়। তাই বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে এবারও খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জানান, নির্ধারিত দরের সমপরিমাণ দর না পাওয়ায় টেন্ডার কার্যক্রম চূড়ান্ত করা যায়নি। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন